২১শ শতাব্দীর বৈজ্ঞানিক অগ্রগতির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো ন্যানো প্রযুক্তি। এটি এমন একটি প্রযুক্তি যেখানে পদার্থকে অত্যন্ত ক্ষুদ্র ন্যানোস্কেলে (১ ন্যানোমিটার = ১০⁹ মিটার) নিয়ন্ত্রণ ও রূপান্তর করা হয়। অণু-পরমাণুর স্তরে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে বিশেষত চিকিৎসা, কৃষি, শক্তি, পরিবেশ, ইলেকট্রনিক্স এবং সামরিক প্রযুক্তিতে। ন্যানো প্রযুক্তি শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, এটি মানবজীবনের গুণগত পরিবর্তন এবং টেকসই উন্নয়নের পথ খুলে দিয়েছে। তবে এর সঙ্গে রয়েছে কিছু চ্যালেঞ্জ ও ঝুঁকিও, যা বিবেচনায় রাখা অত্যন্ত জরুরি।
ন্যানো প্রযুক্তির ধারণা ও বৈশিষ্ট্য
“ন্যানো” শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘ন্যানোস’, অর্থ ‘ক্ষুদ্র’ বা ‘বামন’। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, পদার্থ যখন ন্যানো আকারে ছোট করা হয়, তখন তার বৈশিষ্ট্য বদলে যায়। উদাহরণস্বরূপ, সাধারণ সোনা হলুদ রঙের হলেও, ন্যানো আকারে তা লাল বা নীল দেখা যায়। এর কারণ, ন্যানোস্কেলে পদার্থের তাপ পরিবাহিতা, শক্তি, রাসায়নিক প্রতিক্রিয়া, ইলেকট্রিক ধর্ম ইত্যাদি পরিবর্তিত হয়। এই প্রযুক্তির মূল শক্তি হলো উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উপাদান তৈরি করে নতুন নতুন প্রয়োগের পথ তৈরি করা।
ন্যানো প্রযুক্তির প্রয়োগ
চিকিৎসা খাতে (Nano medicine)
- ন্যানো ড্রাগ ডেলিভারি : ক্যানসার, হৃদরোগ ইত্যাদিতে ওষুধ সরাসরি আক্রান্ত কোষে পৌঁছে দেওয়া সম্ভব, এতে পার্শ্ব প্রতিক্রিয়া কম হয়।
- ন্যানো রোবটস : ভবিষ্যতে এমন মাইক্রো রোবট তৈরি হবে, যা রক্তপ্রবাহে ঘুরে বেড়িয়ে রোগ শনাক্ত ও চিকিৎসা করতে পারবে
- টিস্যু ইঞ্জিনিয়ারিং : ক্ষতিগ্রস্ত কোষ বা অঙ্গ পুনর্গঠনে ন্যানো ফাইবার ব্যবহৃত হচ্ছে।
কৃষি ও খাদ্য:
- ন্যানো ফার্টিলাইজার : উদ্ভিদের শিকড়ে প্রয়োজন অনুযায়ী পুষ্টি সরবরাহ করে, ফলে উৎপাদন বাড়ে এবং অপচয় কমে।
- ন্যানো কীটনাশক: নির্দিষ্ট পোকা ধ্বংস করে, পরিবেশবান্ধব।
- ফুড প্যাকেজিং: ন্যানো-কোটিং ব্যবহারে খাদ্যদ্রব্যের আয়ু বাড়ানো যাচ্ছে।
শক্তি খাতে:
- সৌরশক্তি : ন্যানো ম্যাটেরিয়াল দিয়ে সৌর কোষের কার্যকারিতা দ্বিগুণ বাড়ানো যাচ্ছে।
- নতুন ব্যাটারি প্রযুক্তি : দ্রুত চার্জিং, দীর্ঘস্থায়ী ও হালকা ব্যাটারি তৈরি হচ্ছে।
ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি:
- ন্যানো ইলেকট্রনিক্স : আরও ছোট, দ্রুত ও শক্তিশালী কম্পিউটার চিপ ও ডিভাইস তৈরি হচ্ছে।
- কোয়ান্টাম কম্পিউটিং: ভবিষ্যতের কম্পিউটিং পদ্ধতির ভিত্তি তৈরিতে ন্যানোপ্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নির্মাণ ও উপকরণ বিজ্ঞান:
- ন্যানো কম্পোজিটস: হালকা কিন্তু অতি শক্তিশালী নির্মাণসামগ্রী।
- সেল্ফ-ক্লিনিং সারফেস: বৃষ্টি বা আলোয় পরিষ্কার হয়ে যায় এমন কাচ বা কাপড় তৈরি হচ্ছে।
পরিবেশ ও দূষণ নিয়ন্ত্রণ:
- ন্যানো ফিল্টার : বিশুদ্ধ পানি ও বাতাস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ন্যানো ক্যাটালিস্ট : পরিবেশবান্ধব রাসায়নিক বিক্রিয়া তরান্বিত করতে সাহায্য করে।
প্রতিরক্ষা খাতে:
- বুলেট প্রুফ মেটেরিয়াল: সেনাবাহিনীর ইউনিফর্মে ব্যবহৃত হচ্ছে।
- হালকা ড্রোন ও রাডার প্রযুক্তি: কার্যক্ষমতা বাড়াচ্ছে।
ন্যানো প্রযুক্তির চ্যালেঞ্জ ও ঝুঁকি
যদিও এই প্রযুক্তি বিপ্লব ঘটাচ্ছে, তবে এর কিছু উল্লেখযোগ্য ঝুঁকি ও সমস্যা রয়েছে:
১. স্বাস্থ্য ঝুঁকি: কিছু ন্যানোকণা শরীরের কোষে ঢুকে ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে, যা ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
২. পরিবেশগত প্রভাব: এই কণাগুলো মাটিতে বা পানিতে জমা হয়ে জীববৈচিত্র্য নষ্ট করতে পারে।
৩. নৈতিক ও সামাজিক প্রশ্ন: এর অপব্যবহার, যেমন গোপন নজরদারি, বায়ো-ইঞ্জিনিয়ারিং নতুন সমস্যার জন্ম দিতে পারে।
৪. আইনি সীমাবদ্ধতা: উন্নয়নশীল দেশগুলোতে এখনো নেই যথাযথ নীতি ও নিরাপত্তা মানদণ্ড।
৫. উচ্চ ব্যয়: গবেষণা, উন্নয়ন ও পরীক্ষার জন্য প্রয়োজন উচ্চ প্রযুক্তির ল্যাব এবং প্রশিক্ষিত জনবল।
বাংলাদেশে ন্যানো প্রযুক্তির অগ্রগতি
বাংলাদেশে ন্যানোপ্রযুক্তি এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও ইতোমধ্যে কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এসব প্রতিষ্ঠানে ন্যানো-সায়েন্স ও প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (BCSIR) এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ন্যানো প্রযুক্তি নির্ভর প্রকল্প গ্রহণ করেছে। চিকিৎসা ও কৃষিতে সীমিতভাবে ন্যানো পণ্য আমদানি ও প্রয়োগ দেখা যাচ্ছে।
তবে এখনো নিরাপত্তা নীতি, গবেষণা তহবিল, এবং প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত চ্যালেঞ্জ রয়ে গেছে।
ভবিষ্যৎ সম্ভাবনা ও করণীয়
বিশ্বব্যাপী ন্যানোপ্রযুক্তির বাজার দিন দিন সম্প্রসারিত হচ্ছে। ২০২৫ সালের মধ্যে বিশ্বব্যাপী এই খাতের বাজার ১২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ চাইলে এ থেকে লাভবান হতে পারে। গবেষণায় বরাদ্দ বাড়ানো, বিজ্ঞানীদের প্রশিক্ষণ, সরকারি ও প্রাইভেট বিনিয়োগ বৃদ্ধি,বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোর্স ও ল্যাব স্থাপন, আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করা।
উপসংহার
ন্যানো প্রযুক্তি আধুনিক বিজ্ঞানের এমন এক আবিষ্কার যা আমাদের জীবনধারা, শিল্প প্রযুক্তি ও স্বাস্থ্যব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে পারে। এর যথাযথ ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতে পারলে এটি হবে টেকসই উন্নয়নের হাতিয়ার। তবে এর ঝুঁকি বিবেচনা করে গবেষণা, নীতি নির্ধারণ ও জনসচেতনতা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন। বাংলাদেশ যদি এখন থেকেই এই প্রযুক্তিতে বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে অগ্রাধিকার দেয়, তাহলে ভবিষ্যতের ন্যানো বিশ্বে আমাদেরও থাকবে সম্মানজনক অবস্থান।
রেফারেন্স
- Bhushan, B. (2017). Springer Handbook of Nanotechnology. Springer.
- Roco, M. C., & Bainbridge, W. S. (2005). Societal Implications of Nanoscience and Nanotechnology.
- BCSIR Official Website – https://bcsir.gov.bd
- WHO Report on Nanomaterials – https://www.who.int
- Bangladesh Council of Scientific and Industrial Research (BCSIR). https://bcsir.gov.bd
- National Nanotechnology Initiative, USA. https://www.nano.gov
- The Daily Star (2024). Nanotechnology and Bangladesh’s Scientific Future

